দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক কারবারিদের হামলায় দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও এস এ টিভির সাংবাদিক সাদ্দমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে তাকে সাভার থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
তিনি জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এখনও গ্রেপ্তার না হওয়া এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গেলে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও এস এ টিভির সাংবাদিক সাদ্দমের ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও ঘটনার মূল হোতা শামীম এখনও পলাতক রয়েছে।
জে আই